কোনো দুর্নীতিবাজ ছাড় পাবে না: জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ২০|২৭
আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল, তা অব্যাহত থাকবে বলে বছরপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তির দিন মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে এ ভাষণ দেন সরকারপ্রধান। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় প্রচারমাধ্যমগুলোতে একযোগে সম্প্রচার করা হয়। গত বছরের এই তিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
জাতির উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের স্মরণ আছে, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যেকোনও পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করবো না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই- দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন- তাদের ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে, যে-ই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় নিয়ে আসুন। সাধারণ মানুষের ‘হক’ যাতে কেউ কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। মানুষ সচেতন হলে, দুর্নীতি আপনা-আপনি কমে যাবে।

