আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভারতমুখী: সংসদে এমপি হারুন
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৭:৩০
করোনায় আক্রান্ত মন্ত্রী-এমপিরা সরকারি কোনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুন উর রশীদ। জাতীয় সংসদে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৪ কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গেছেন। এই সত্য কথাগুলো বলার জন্য সংসদে এসেছি।’
সোমবার (১৫ জুন) সকালে জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। এমপি হারুন বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা কোভিডে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে যাচ্ছেন না। তারা সিএমএইচে বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারে ধ্বংস হয়ে গেছে, আজকে এটিই তার প্রমাণ।’
নিজের নির্বাচনী এলাকায় চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে চিত্র তুলে ধরে বিএনপির এই সংসদ সদস্য বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২০১১ সালে ১০০ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবকাঠামো নির্মিত হয়েছে। এখানে এখন পর্যন্ত কোনও জনবল নাই। ১০০ বেডের লোকবল নিয়ে কাজ চলছে। সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই।
এমপি হারুন আরও বলেন, ‘দেশের তিনটি স্পেশালাইজড হাসপাতাল। সেখানে করোনার কোনও চিকিৎসা করা হচ্ছে না। আইসিইউ ব্যবহার করা হয়নি। এখনও পরীক্ষা-নিরীক্ষা নাই। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান করোনার কিট উদ্ভাবন করেছে। সরকার এখন পর্যন্ত সেটি অনুমোদন দিচ্ছে না। এটি কী কারণে হচ্ছে তার ব্যাখ্যা নেই। এটি অনুমোদন দিতে কেন এত সময় লাগছে?’
বিএনপির এই এমপি বলেন, ‘এই অবস্থা থেকে আমরা কীভাবে মোকাবিলা করবো সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করতে হবে। মানুষের জীবন এবং জীবিকার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

