ফাইনালে বার্সা

ফাইনালে বার্সা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১২:২৩

চরম নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত অসাধারণ এক জয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে রোনাল্ড কুমানের দল। কাম্প নউয়ে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে সেভিয়াকে হারালো বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে বিজয়ী প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। পেনাল্টি সেভ করে এতে বড় অবদান আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।

লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের পর গত শনিবার নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে পুরো ম্যাচেই নিজেদের খুঁজে ফেরে সেভিয়া। এ দিন প্রথমার্ধে তারা ছিল বিবর্ণ; বিরতির আগে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। বিরতির পরও একচেটিয়া আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ঘর সামলাতেই ব্যস্ত সময় কাটে সেভিয়ার। অধিকাংশ সময়ই দলটির প্রায় সব খেলোয়াড়কে দেখা যাচ্ছিল ডি-বক্সের আশেপাশে। ফলে মেসি-দেম্বেলেদের সব আক্রমণ ভেস্তে যাচ্ছিল প্রতিপক্ষের জমাট রক্ষণে। এর মাঝে ৬৭তম মিনিটে তাদের হতাশা বাড়ে; দেম্বেলের ক্রসে জর্দি আলবার দারুণ ভলি ক্রসবারে লাগে।

চার মিনিট পর প্রতি-আক্রমণে বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়া লুকাস ওকাম্পোসকে ডিফেন্ডার অস্কার মিনগেসা ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে ওকাম্পোসের দুর্বল শট ঠেকিয়ে দেন টের স্টেগান।

যোগ করা সময়ের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো। এরপরই নাটকীয় মোড় নেয় ম্যাচ। ম্যাচ শেষ হতে তখন বাকি আর কিছুক্ষণ। মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা, তাদের ঠেকিয়ে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে সেভিয়া। এমন সময় তাদের হতবাক করে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। বদলি অঁতোয়ান গ্রিজমানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান পিকে।

অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফাইনাল নিশ্চিত করা গোলটি করেন ব্রাথওয়েট। আলবার গোলমুখে বাড়ানো ক্রসে বদলি নামা ডেনিশ ফরোয়ার্ডের হেডে বল গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে ঠিকানা খুঁজে পায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading