নেতৃত্বে বদল কোহলির জন্য ছদ্মবেশী আশীর্বাদ: হগ
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৪:০০
বিরাট কোহলি ও রোহিত শর্মার বিবাদ নিয়ে গুঞ্জন পুরোনো নয়। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলেছে। তার প্রমাণও মিলেছে। এরই মধ্যে ভারতের সাদা বলের দলে কোহলিকে সরিয়ে রোহিতকে দেওয়া হয়েছে নেতৃত্ব, যা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে। ইন্ডিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে কি না তা নিয়ে চলছে তর্ক।
এই পুরো বিষয়টি নিয়ে সাবেক অস্ট্রেলিয়া স্পিনার ব্র্যাড হগ দিলেন মতামত। তার আশা, নেতৃত্বে বদল ভারতীয় ড্রেসিংরুমে বিভাজন তৈরি করবে না। একে তিনি দেখছেন অন্যভাবে, ‘আমি মনে করি এটি একটি ছদ্মবেশী আশীর্বাদ।’
হগ একটি আপলোড করা ভিডিওতে আরো বলেন, ‘আমি শুধু আশা করব তারা যখন পরের সফরে যাবে, তখন যেন এই ছোট্ট পরিবর্তনের কারণে ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে বিভাজন তৈরি না হয়।’
কোহলি ও রোহিতকে এই সিদ্ধান্ত মেনে নেওয়া জোর আহ্বান সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের, তাহলেই ভারতীয় ক্রিকেট সামনে এগিয়ে যাবে। হগ বলেছেন, ‘তাদের দুজনকে এটা মেনে নিতে হবে। ড্রেসিংরুমে এক হয়ে থাকতে হবে, তারপর ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে হবে।’
এই সিদ্ধান্ত কোহলির জন্য ছদ্মবেশী আশীর্বাদ বললেন হগ। তার ব্যাখ্যা, লম্বা ফরম্যাটের খেলায় নিজের ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে পারবেন টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভালো হয়েছে। কোহলিকে কেবল পুরো পরিস্থিতি সম্পর্কে শিথিল থেকে টেস্ট দলের নেতৃত্বে নজর দেওয়া উচিত। সাদা বলের ক্রিকেটে কেবল নজর দিবে রোহিত শর্মা। এতে দুজনের ওপর থেকে অনেক চাপ কমে যাবে।’
ইউডি/সুস্মিত

