স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জুলাই, ২০২৪, আপডেট ১৬:১৫

ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়েছে।

রবিবার (০৭ জুলাই) সকাল থেকে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন চলছিল । দুপুর ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মনিরুজ্জামান দেওয়ান ৯ ভোট পেয়ে বিজয়ী হন। পরাজিত প্রার্থী মিলনুর রহমান হালদার পান মাত্র দুই ভোট।

পরাজিত প্রার্থী মিলন হালদারের সমর্থক নুর মোহাম্মদ হালদার নির্বাচনে পরাজয়ের জন্য ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে দায়ী করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। এ সময় সুমন হালদার গালিগালাজ করতে নিষেধ করায় নূর মোহাম্মদ হালদারের বুকে গুলি করলে গুরুতর আহত হন সুমন হালদার। দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে । পড়ে তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় নূর মোহাম্মদ ও তার ভাই ভোলা হালদার দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী ম্যানেজিং কমিটির পরাজিত সভাপতি প্রার্থী মিজানুর রহমান হালদার, সওদাগর হালদার, কাউসার হালদার, নূর হোসেন হালদারসহ কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ওসি মোল্লা সোয়েব আলী বলেন, একটি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর লোকজন নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই ইউপি চেয়ারম্যানকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মূল অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading