হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০৫
আগামী বছরের হজের জন্য ‘প্রাথমিক নিবন্ধনের’ সময় শেষ হওয়ার দুই দিন আগ পর্যন্ত ৪২ হাজারেরও কম মানুষ আগ্রহ দেখানোর পর আগের অবস্থান থেকে সরে নাম তালিকাভুক্তির সময় অর্ধ মাস বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগের সিদ্ধান্ত ছিল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন চলবে- এখন জানানো হয়েছে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে। অর্থাৎ ১৫ দিন সময় বাড়ানো হয়েছে।
১৫ ডিসেম্বরের পর ‘আর কোনো সময় বাড়ানো হবে না’ এ কথা উল্লেখ করে এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে এই ‘প্রাথমিক নিবন্ধন’ করা যাবে।
বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় ‘প্রাথমিক নিবন্ধন’। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে ‘নিবন্ধন’ করা যায়।
হজের প্রাক নিবন্ধন যে কোনো সময় করা যায়। তবে প্রাথমিক নিবন্ধন করা হয় আগের বছর। এবার প্রাথমিক নিবন্ধনের সময় নিয়ে এবার একাধিক সিদ্ধান্ত এসেছে।
গত ২৫ অগাস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছরের হজের জন্য ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন করতে হবে। পরে ওই সময়সীমা কমিয়ে ২৩ অক্টোবর করা হয়। তবে ২৪ অক্টোবর মন্ত্রণালয় জানায়, সময়সীমা ৩০ নভেম্বরই বহাল রাখা হয়েছে।
ইউডি/এবি

