‘হাদি হত্যাকারীর শেষ অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই’
উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:০০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের শেষ অবস্থানটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম৷
রবিবার (২১ ডিসেম্বর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷
তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থানটা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই৷ এটা পেতে আমাদের বাহিনী এবং গোয়েন্দা সস্থা কাজ করছে৷ তবে সে যে দেশের বাহিরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি৷ অনেক সময় অপরাধীরা তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়৷
অতিরিক্ত আইজিপি বলেন, এ হত্যাকান্ডকে রাজনৈতিক হত্যাকান্ড বলা হচ্ছে৷ কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পায়নি৷ তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি৷
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যাকান্ডের ধারনা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকান্ড হতে পারে৷ এখানে ব্যক্তিগত কোন উদ্দেশ্যে থাকতে পারে বলে মনে হয়নি৷ ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম৷ সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি৷ এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি৷
ইউডি/এআর

