জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য: ত্রাণমন্ত্রী
উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৫০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি।
একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান—স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।
জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো. শহীদুল ইসলাম এনডিসি।
সভায় বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/এআর

