সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ মে, ২০২৬, আপডেট ০৭:৪৩

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন কাতারের অভিজ্ঞ স্ট্রাইকার সেবাস্তিয়ান সোরিয়া। ৪২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে রেখেছেন কোচ হুলেন লোপেতেগি।

উরুগুয়েতে জন্ম নেওয়া সোরিয়া কাতারের ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে এই তালিকা থেকে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত যদি তিনি দলে থাকেন এবং মাঠে নামেন, তাহলে ভেঙে দিতে পারেন ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার রেকর্ড।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে শেষবার খেলেছিলেন রজার মিলা। তখন তার বয়স ছিল ৪২ বছর। এরপর থেকে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে তার নামই সবার ওপরে রয়েছে।

তবে সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড এখনো মিশরের গোলরক্ষক এসাম এল হাদারির দখলে। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

এবারের আসরে স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডনেরও খেলার সম্ভাবনা রয়েছে। ৪৩ বছর বয়সী এই গোলকিপার ইনজুরি কাটিয়ে ফিরলে তাকেও দেখা যেতে পারে বিশ্বমঞ্চে।

সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ বলেই ধরা হয়েছিল। ২০১৭ সালের পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এমনকি ২০২২ বিশ্বকাপেও জায়গা হয়নি তার।

তবে গত বছরের অক্টোবরে আবার জাতীয় দলে ডাক পান সোরিয়া। বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।

ম্যাচের পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি জানান, আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পেরে তিনি গর্বিত।

২০০৪ সালে কাতারের লিগে যোগ দেন সোরিয়া এবং ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে দেশের ফুটবলে অবদান রাখা এই ফরোয়ার্ড এখন ইতিহাস গড়ার খুব কাছে।

আগামী ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কাতার। এরপর কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলবে দলটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading