হজের পর ওমরাহ ভিসা চালু হবে কবে?

হজের পর ওমরাহ ভিসা চালু হবে কবে?

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১২:৫০

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সালের হজের সময়সূচি বা ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একই সঙ্গে ওমরাহ ভিসা পুনরায় চালুর তারিখ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬ মে প্রকাশিত এই ক্যালেন্ডারে জানানো হয়েছে, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হবে। ওইদিন থেকেই ওমরাহ পালনকারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া আগামী ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট বা অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়াটিও পুনরায় চালু হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। এছাড়া ওই বছরের ২৩ সেপ্টেম্বর হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ দিন। আর সৌদিতে অবস্থানরত ওমরাহ পালনকারীদের দেশ ছাড়ার জন্য ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে থেকে বিদেশি এজেন্টদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ সংস্থাগুলোর যাবতীয় চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরের দিন ১২ মে থেকে প্রতিবন্ধী সেবা ও ঐতিহ্যবাহী বিষয়গুলোসহ সংশ্লিষ্ট সব পরিষেবার ইলেকট্রনিক চুক্তি কার্যক্রম চালু করা হয়।

বর্তমানে পবিত্র হজ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে সৌদি আরব। আজ (১৭ মে) রোববার জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের পবিত্র ঈদুল আজহা এবং হজের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সাধারণত জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোর সময়সূচি ঘোষণা করা হয়।

সূত্র: খালিজ টাইমস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading