বর্তমানে তথ্যের জগৎ নিয়ন্ত্রণ করা কঠিন: তথ্যমন্ত্রী

বর্তমানে তথ্যের জগৎ নিয়ন্ত্রণ করা কঠিন: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ মে, ২০২৬, আপডেট ১২:৫০

অবাধ তথ্যপ্রবাহের কারণে বর্তমানে তথ্যের জগৎ নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পেশাগত প্রয়োজনেই জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক ‘ইনফরমেশন ইকোসিস্টেম’ বা তথ্য-বাস্তুসংস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।

রবিবার (২৪ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এখনকার যুগের জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কোনভাবেই সম্ভব নয়। তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা আছেন। এই খাতে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে এবং আধুনিক জনসংযোগের দক্ষতাসম্পন্ন জনবল গড়ে তুলতে হবে। কারণ, আমরা চাই বা না চাই, বর্তমানে আমরা সবাই পারসেপশন ম্যানেজমেন্ট বা দৃষ্টিভঙ্গি ব্যবস্থাপনার একটি লড়াইয়ের মধ্যে আছি।’

জনসংযোগ কর্মকর্তাদের মনস্তত্ত্ব বোঝার তাগিদ দিয়ে জহির উদ্দিন স্বপন আরও বলেন, জনমনস্তত্ত্ব বা ‘পাবলিক সাইকোগ্রাফি’ কীভাবে কাজ করে, সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানা অত্যন্ত জরুরি। সবাই ঐক্যবদ্ধ ও যৌথভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে জনসংযোগকারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং অপতথ্য (ডিসইনফরমেশন) যাচাই বা ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি একটি ইশতেহার ঘোষণা করেছিল, সেটির ঠিকঠাক বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে সরকারের ইতিবাচক কাজগুলো তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। আর সে জন্য সরকারের ইশতেহার সম্পর্কে তাদের পুরোপুরি ওয়াকিবহাল থাকা প্রয়োজন।’ জনগণের কাছে সঠিক তথ্য সময়মতো পৌঁছে দিতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading