ফাইনালে মুখোমুখি ফ্লামিঙ্গো ও রিভার প্লেট
স্বদেশি ক্লাব গ্রেমিওকে উড়িয়ে ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কোপা লিবের্তাদোরেসের ফাইনালে উঠেছে ফ্লামিঙ্গো। লাতিন আমেরিকার শীর্ষ এই ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিলের দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনার রিভার প্লেট।
রিওর মারাকানা স্টেডিয়ামে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার গাব্রিয়েল বারবোসার জোড়া গোলে গ্রেমিওকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় ফ্লামিঙ্গো। দুই লেগ মিলে ৬-১ ব্যবধানে জিতে ১৯৮১ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠল দলটি। সেবার টুর্নামেন্টে নিজেদের একমাত্র শিরোপাটিও জিতেছিল তারা।
ফাইনালে উঠতে পেরে ও জোড়া গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড বারবোসা।
“ফ্লামিঙ্গোর ইতিহাসের পাতায় আমরা আমাদের নাম লিখিয়েছি।”
আরেক সেমি-ফাইনালে গত মঙ্গলবার স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ১-০ গোলে হারের পরও দুই লেগ মিলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে চারবারের চ্যাম্পিয়ন রিভার প্লেট।
আগামী ২৩ নভেম্বর চিলির সান্তিয়াগোয় হবে ফাইনাল।

