হবিগঞ্জে যুবলীগ নেতার রগ কর্তন: ৭ আসামি জেলে
সোমবার মুখ্য বিচারিক হাকিম তানিয়া কামাল এ আদেশ দেন।
এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আসমিরা হলেন হবিগঞ্জ পৌর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল, রাহুল দাশ গুপ্ত, জুয়েল খান, কামলা খান, জামাল খান ও শিমুল আহমেদ।
গত ২৪ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে তারা চার সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। মেয়াদ পূর্ণ হওয়ায় তারা আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তাদের আবেদন নাকচ করে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে দুই হাত ও ডান পায়ের রগ কেটে দেয় যুবলীগ নেতা দিলুয়ার খান ও তার সহযোগীরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একইদিন হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান বাদী হয়ে সাতজনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরদিন (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল ও রাহুল দাশগুপ্তকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

