ওয়েব সিরিজে মিম সঙ্গে তাহসান
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৪০
লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। প্রথম দিকে ছোটপর্দায় অভিনয় করলেও এখন বড়পর্দায় নিয়মিত তিনি। তবে সম্প্রতি তিনি অভিনয় করেছেন বেশকিছু ওয়েব সিরিজে। এবার নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হলেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করছেন মিরাজ। এতে মিমের সঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শুরু হয়ে গেছে শুটিংও। এ প্রসঙ্গে মিম বলেন, ‘ইতমধ্যেই নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পে বেশ কিছু চমক আছে। তবে তা এখনই বলতে চাই না। খুব শিগগিরই সংবাদটি সবাইকে দেবো।’ তাহসান বলেন, ‘আগে দেখতাম, ভক্তরা আমার কাছে গানের সংখ্যা হিসাব করে পাঠাতেন। কিছুদিন আগে এক ভক্ত নাটকের তালিকা করে পাঠায়। তখনই বুঝলাম আমি অভিনয়ের শতকের দ্বারপ্রান্তে। ওয়েব ফিল্মটি আমার ১০১তম কাজ। তবে ওয়েব সিরিজ হিসেবে এটি প্রথম। এখন এর শুটিং চলছে। এটির গল্প বেশ সুন্দর।’ এদিকে, সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা ও ইন্ডিয়ার সৈনক মিত্রের পরিচালনায় নতুন দুটি বিজ্ঞাপনে কাজ। আর শেষের পথে আছে রায়হান রাফির ‘পরাণ’ ছবির শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। একই নির্মাতার ‘ইত্তেফাক’ ছবিতেও অভিনয় করবেন মিম। আগামী ১৫ নভেম্বর সিলেটে শুরু হবে এর শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। মিম অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে চলতি বছরে মুক্তি পেয়েছে তাহসানের প্রথম ছবি ‘যদি একদিন’। এটি নির্মাণ করেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ।

