সাম্যের ভিত্তিতে টেকসই বিশ্ব গড়ে তুলতে হবে – স্পিকার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্যের ভিত্তিতে টেকসই ও শান্তির বিশ্ব গড়ে তুলতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯ এর ‘এডড্রেসিং দ্যা ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস অব আওয়ার টাইম: পিস, রিকনসিলিয়েশন, ইন্টারডিপেনডেন্স, মিউচুয়াল প্রসপারিটি এ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুজ’ শীর্ষক উদ্বোধনী সেশনের কীনোট স্পিকারের বক্তব্যে এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। স্পিকার বলেন, বৈশ্বিক সমস্যা এখন সকলের, এটা কোন ভৌগলিক সীমারেখায় আবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস, উদ্বাস্তুসহ বিভিন্ন সমস্যার আশু সমাধানে বিশ্বকে একসাথে কাজ করতে হবে। এশিয়া প্যাসিফিক সামিট এই অঞ্চলের সাধারণ লক্ষ্য অর্জনে যথেষ্ট ভূমিকা রাখবে। এছাড়া সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক আকিক মহা সেনা পাদে টেকো হুন সেন। এছাড়াও অনুষ্ঠানে মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট ইউ হেনরি ভেন থিও, ইউনিভার্সাল পিস ফেডারেশনের কো-ফাউন্ডার হাক জা হান মুন, রিপাবলিক অব পালাউ এর ভাইস-প্রেসিডেন্ট রেনল্ড ওইলচ এবং ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট জাসুফ কালা বক্তব্য রাখেন।

