বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট শুনতে হাইকোর্টের অপারগতা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় বারবার অনুত্তীর্ণ হন হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। তারপরও তাকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে হাইকোর্টের একটি বেঞ্চ অপারগতা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচাপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটটির শুনানি করতে গেলে আদালত বলেন, ‘এই রিট মামলা শুনতে আমরা অপারগতা প্রকাশ করছি।’ আদালতে রিটের পক্ষে শুনানির জন্য ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। এর আগে গত ২১ নভেম্বর হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান বাদী হয়ে এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেনি হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত এবং গত ৩১ অক্টোবর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। তাই রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে বলে জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

