তুরিন আফরোজের বিরুদ্ধে ২৫ কোটি টাকা নেওয়ার প্রমাণ মেলেনি শাহরিয়ার কবির
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
যুদ্ধাপরাধ মামলার আসামি মুহাম্মদ ওয়াহিদুল হকের কাছ থেকে তুরিন আফরোজের ২৫ কোটি টাকার নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তবে চিফ প্রসিকিউটরের অনুমতি ছাড়া ওই আসামির সঙ্গে তার দেখা করাটা ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয় সংখ্যালঘু কমিশন কাঠামোর (খসড়া) প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শাহরিয়ার কবির। জবাবে তিনি বলেন, ‘আমাদের একজন কেন্দ্রীয় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে আমাদের কমিটি দুটি বিষয়ে পর্যালোচনা করেছেন। কমিশন তাকে তলব করার পরে তুরিন আফরোজ তার জবাব দিয়েছেন। আমাদের অভ্যন্তরীণ বিষয় হওয়ার পরেও আজ বলতে হচ্ছে, তুরিন আফরোজের বিরুদ্ধে আসামির কাছ থেকে ২৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়নি।’ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। গত বছর এপ্রিলে অভিযোগ ওঠে, মামলা পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ২০১৭ সালের নভেম্বরে ওয়াহিদুল হককে ফোন করে কথা বলেন তুরিন। পরে পরিচয় গোপন করে ঢাকার একটি হোটেলে তার সঙ্গে দেখাও করেন। ওই অভিযোগ ওঠার পর প্রসিকিউশনের পক্ষ থেকে ওয়াহিদুল ও তুরিনের কথোপকথনের রেকর্ড ও বৈঠকের অডিওরেকর্ডসহ যাবতীয় ‘তথ্য-প্রমাণ’ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত বছর ১০ মে ট্রাইব্যুনালের সব মামলা থেকে সরিয়ে দেওয়া হয় তুরিনকে। আর গত ১১ নভেম্বর প্রসিকিউটরের পদ থেকে তাকে অপসারণ করা হয়। এদিকে সংগঠনের সহ-সভাপতি তুরিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা, শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি নিজামুল হককে নিয়ে একটি কমিটি গঠন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ওই তদন্ত প্রতিবেদন সম্পর্কে শাহরিয়ার কবিরের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, ‘আইনে বলা আছে, প্রসিকিউটররা তদন্ত করতে পারবেন। আমাদের কমিশন মনে করছে তদন্ত করার বিষয়টি তুরিন আফরোজ তার চিফ প্রসিকিউটরকে জানাননি। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। প্রসিকিউটরের অনুমতি ছাড়া আসামির সঙ্গে দেখা করা তার ভুল হয়েছে।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মকাণ্ডে তুরিন আফরোজকে সম্পৃক্ত রাখবেন জানিয়ে শাহরিয়ার কবির বলেন, ‘তাকে আমরা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের বিচারের জন্য প্রস্তুত করছি। যদি আইনি সহযোগিতা দরকার হয় তাহলে আমরা দিব।’

