শাস্তি পেলেন সানি-শহীদ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
কিছুদিন আগেই সতীর্থকে মাঠে পিটিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। তার সেই শাস্তির মধ্যে ছিল দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এই পেসারকে। এবার সেই ঘটনায় দুই সতীর্থ মোহাম্মদ শহীদ ও আরাফাত সানিকেও (জুনিয়র) শাস্তি দেওয়া হয়েছে। এই দু’জনকে অবশ্য এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যেতে পারবেন। কিন্তু এর মাঝে যদি কোনো বিতর্কে জড়ান তবে তখন থেকেই শাস্তি শুরু হবে। ঘটনায় সানিরও কিছুটা দায় পাওয়া গেছে বলে তাকে দেওয়া হলো শাস্তি। আর শহীদ শাস্তি পেলেন ঘটনার সূত্রপাত তার হাত ধরেই হয়েছিল। তাদের এই শাস্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানা যায়, শাহাদাত বলের একটি অংশে শাইন দিতে সানিকে নির্দেশ দেন। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় তিনি সানিকে চড়-থাপ্পড়-লাথি মারেন। পরিস্থিতি সামাল দিতে সতীর্থ এবং আম্পায়াররা এগিয়ে আসেন।

