খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের আশঙ্কা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪
খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা বলছে, কাঁচা খেজুরের রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। গত রবিবার (৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশে সাধারণত শীতকালে নিপাহ সংক্রমণ দেখা যায়, নিপাহ একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। প্রতিষ্ঠানটি বলছে, আইইডিসিআর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, গণমাধ্যমে খেজুরের রস নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, আবার কোথাও কোথাও খেজুরের কাঁচা রস পানের উত্সব হচ্ছে। আইইডিসিআর ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করে আসছে। খেজুরের কাঁচা রস পানে নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। এই রোগে আক্রান্ত হলে এখনও কোনও চিকিত্সা নেই, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত নিপাহতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার শতকরা ৭০ ভাগ। বিজ্ঞপ্তিতে দেশের সামাজিক সাংস্কৃতি সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, খেজুরের রস সংক্রান্ত যেকোনও আয়োজন থেকে বিরত থাকতে হবে, এই রোগে আক্রান্ত হলে এখনও কোনও চিকিত্সা নেই। তাই খেজুরের কাঁচা রস না খাওয়া, কোনও ধরনের বাদুড়ের খাওয়া আংশিক ফল না খাওয়া এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার অনুরোধ করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। নিপাহ ভাইরাসের লক্ষণ জানাতে গিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হয়ে যাওয়াসহ কখনও কখনও মারাত্মক শ্বাসকষ্ট হয়।

