শীতে পেট্রোলিয়াম জেলির বিভিন্ন ব্যবহার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬
ঋতুচক্রের হিসাবে দেশে শীতকাল এখনো শুরু হয়নি। তারপরও বাতাসে বইছে শীতের আমেজ। তাই পেট্রোলিয়াম জেলি কিনে আনতে পারেন এখনই। সাধারণত শীতকালে আমরা ত্বকের যত্নে এই প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু ত্বকের যত্নের বাইরেও নানা কাজে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি।
ক্ষত সারিয়ে তুলতে: ত্বকের ক্ষতের জন্য এটা ভালো, কারণ ক্ষত নিরাময় হতে আর্দ্রতা প্রয়োজন হয়। ক্ষত আর্দ্রতা পেলে দ্রুত নিরাময় হতে পারে, কিন্তু শুষ্ক ত্বকের ক্ষত সেরে ওঠতে এর দ্বিগুণেরও বেশি সময় লাগতে পারে। এ তৈলাক্ত ময়েশ্চারাইজার নতুন ক্ষতের লালতা ও ইনফেকশনের সম্ভাবনাও কমাতে পারে। পেট্রোলিয়াম জেলি ক্ষতের ওপর প্রয়োগ করলে জ্বালাপোড়া অনুভূত হয় না। কারণে সোরিয়াসিস ও একজিমার মতো ত্বকের সমস্যায় পেট্রোলিয়াম জেলি ব্যবহারে বিশেষ উপকার পাওয়া যায়। পেট্রোলিয়াম জেলি থেকে সর্বোচ্চ উপকার পেতে ত্বক ভেজা থাকা অবস্থায় প্রয়োগ করুন।
শিশুর ত্বকের চুলকানি প্রতিরোধে: পেট্রোলিয়াম জেলি নবজাতক ও শিশুকে ত্বকের চুলকানি থেকে মুক্তি দিতে পারে। আপনার পরিবারে অ্যাটপিক ডার্মাটাইটিস (একজিমা) থাকলে আপনার শিশুকে এ সমস্যা থেকে রক্ষা করার একটি সুলভ উপায় হচ্ছে পেট্রোলিয়াম জেলি। নবজাতকের বয়স তিন মাস হলেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারবেন।
উকুন দূর করতে: মেয়নেসের মতো পেট্রোলিয়াম জেলিকেও উকুনের ঘরোয়া চিকিত্সা হিসেবে ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, পেট্রোলিয়াম জেলি উকুনকে ধ্বংস করতে পারে। কিন্তু এটি উকুনের ডিমকে নিষ্ক্রিয় করতে পারে না।
ফোসকা প্রতিরোধে: দৌঁড়ের পূর্বে আপনার পা অথবা গোড়ালির নিচের অংশে কিছু পেট্রোলিয়াম জেলি মাখুন। এতে দৌঁড়ের সময় ঘর্ষণজনিত ফোসকা প্রতিরোধ হবে। আপনার ফোসকা ওঠে থাকলে পেট্রোলিয়াম জেলির ব্যবহারে নিরাময় হবে।
ডায়াপার র্যাশ দূর করতে: পেট্রোলিয়াম জেলি ত্বককে বাইরের অপ্রীতিকর পদার্থ থেকে সুরক্ষা দেয়, যেমন- মল ও মূত্র। আপনার বেবির ডায়াপার পরার স্থানে র্যাশ ওঠলে ডায়াপার পাল্টানোর সময় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
পাইলসের অস্বস্তি কমাতে: আপনার পাইলস সমস্যা তীব্র হলে পেট্রোলিয়াম জেলির ব্যবহারে আরাম পেতে পারেন। আপনার সেনসিটিভ স্কিনকে রক্ষা করতে অ্যানাসের ভেতর পেট্রোলিয়াম জেলি মাখতে পারেন। এতে মলত্যাগে অস্বস্তির মাত্রা কমে যাবে। আপনার চুলকানি ও ব্যথাও উপশম হতে পারে।
উয়িন্ডবার্ন প্রতিরোধে: আপনার শরীরের যেসব অংশে বাতাস লাগে সেখানে পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করুন। সর্দিতে আক্রান্ত নাক শুকিয়ে গেলে পেট্রোলিয়াম জেলির ব্যবহারে উপকার পেতে পারেন। কিন্তু ব্রণ-প্রবণ স্থানে এ প্রোডাক্ট ব্যবহার করবেন না, কারণ পেট্রোলিয়াম জেলি ত্বকে ব্যাকটেরিয়া ও তেল আটকে রেখে আরো খারাপ করতে পারে।
সতর্কতা: লেখাটি মূলতঃ প্রাথমিক তথ্য ভিত্তিক। চিকিত্সা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত যে কোন বিষয়ে রেজিস্টার্ড চিকিত্সক/পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত্।

