ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণবের মেয়ে আটক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০
ইন্ডিয়ায় নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ইন্ডিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও হিন্দুত্ববাদী দল বিজেপির সভাপতি অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা ছাড়াও এসময় অন্তত ৫০ নারীকে আটক করা হয়। পরে এক টুইটে শর্মিষ্ঠা মুখার্জি জানান, তাদের মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন ব্যাপক ধরপাকড় সত্তেও চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে ভিম আর্মির নেতাকর্মীরা বিক্ষোভ করবেন বলে জানা গেছে। তারা জামে মসজিদ এলাকার সামনে জড়ো হয়ে জন্তর-মন্তরের দিকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোত্পল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সনদ্বীপ দিক্ষিত প্রমুখ।

