সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা

সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনার ভিপি নুরের ওপর হামলা মামলা প্রসঙ্গে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। মামলা প্রসঙ্গে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, সিসিটিভির ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, ওই হামলার সময় সেখানে অনেককেই  মারমুখী অবস্থায় দেখা যায়। তাদের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ঢাকা মহানরগর পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া এক কথা নয়।  মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে গ্রেফতার করা হবে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।’ ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলেও এসময় জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল। বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকাসহ দেশব্যাপী সম্পন্ন হয়েছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব বড়দিনের আনুষ্ঠানিকতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading