সাংবাদিকতায় পেশাদারিত্বের বিকল্প নেই : অ্যাটর্নি জেনারেল
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৩০
সাংবাদিকতায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আরও বলেছেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতার উচ্চতা আরো সমৃদ্ধ করতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামে’র (জিডিজেএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিডিজেএফ সভাপতি সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জীর সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া, নজরুল ইসলাম বাবু এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, কবি হালিম আজাদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজসেবক শেখ লেলিন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী ও অর্থ সম্পাদক আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে জিডিজেএফ-এর নির্বাচন কমিশনারের পক্ষে সৈয়দ আফসার সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটাজীকে সভাপতি, শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমানকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

