শিল্পকলায় থিয়েট্রোনের সিচুয়ানের সুকন্যা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪২
থিয়েট্রোন ঢাকা ডট বিডি’র প্রথম প্রযোজনা ‘সিচুয়ানের সুকন্যা’। ব্রেটল্ট ব্রেখটের নাট্যধারায় উদ্বুদ্ধ হয়ে এবং তার ১২০তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে থিয়েট্রোন প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসে তার রচিত এ নাটকটি। নাটকটি আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে। মামুন হকের অনুবাদে নাটকটি নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক। গল্প প্রসঙ্গে এ নির্দেশক জানান, বিশ্ব বিখ্যাত জার্মান কবি, নাট্যকার ও নির্দেশক ইউজিন বার্টল্ড ফ্রেডরিক ব্রেখট। ১৮৯৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৫ সালে পূর্ব বার্লিনে মৃত্যুবরণ করেন। বিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে বার্টল্ড ব্রেখট মূলত নাট্যকার হিসেবে নন্দিত হন। তিনি নাট্যকলা সম্পর্কে নিজস্ব নাট্যচিন্তা ও ধ্যান-ধারণায় এনেছেন নতুন নাট্যকৌশল ‘এপিক থিয়েটার’। যা ছিল পূর্ববর্তী ক্লাসিক্যাল অ্যারিস্টটলীয় নাট্যধারার বিপরীত। তিনি দর্শকদের নাটকীয় ইন্দ্রজালের নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে চিন্তাশীল, গতিশীল বিশ্লেষণী ভূমিকায় অবতীর্ণ করেন। মার্কসবাদী চিন্তায় উদ্বুদ্ধ বার্টল্ড ব্রেখটের নাটকে উত্সারিত হয়েছে তত্কালীন আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং সমাজের সাদা-কালো শাসক-শোষিতের সুস্পষ্ট দ্বন্দ্ব। বার্টল্ড ব্রেখটের ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকটি এই চিন্তাধারার বাইরে নয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিনিয়া আজাদ, কৌশিক বিশ্বাস, সাদমান সাঈদ, বাপ্পি আমিন, তন্ময় বিশ্বাস, বাপ্পা রায়, শরীফুল ইসলাম, পার্থ সরকার, মাহমুদ শাকিল, ইবনে সাকিব, ফজলে রাব্বী, সায়লা পারভীন প্রিয়া, সাবরিন সুলতানা ও শিউলী ইসলাম। নাটকের ডিজাইন উপদেষ্টা আলি আহমেদ মুকুল, সেট নুর হোসেন, প্রপস এসএম সাইফুল হাসান, পোশাক শ্রেয়গ্রী সরকার, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, সংগীত পরিকল্পনায় আহসান হাবীব বিপু, রূপসজ্জায় এসএম সাইফুল হাসান, প্রযোজনা নির্বাহী নুর-ই-আলম সুমন।

