আগের মেয়রের ভালো-মন্দ নিয়ে কথা নয়: কাদের

আগের মেয়রের ভালো-মন্দ নিয়ে কথা নয়: কাদের

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৩৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের কারণ ব্যাখ্যায় আগের মেয়র মো. সাঈদ খোকনকে নিয়ে ভালো-মন্দ কোনো মন্তব্য করতে রাজি নন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩০ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গ্রহণযোগ্য, জনপ্রিয় ও জেতার মত’ প্রার্থী দেখেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এখানে আগের মেয়র খারাপ কি ভালো, সে মন্তব্যে আমি যাব না। আমরা আমাদের সামনের দিকে তাকাচ্ছি। এ নির্বাচনে জন্য আমরা গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী বেছে নিয়েছি। এক্ষেত্রে বিভিন্ন জরিপ প্রতিবেদন ও পার্টির সিটি কমিটির পরামর্শও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে বর্তমান মেয়র সাঈদ খোকন এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতার কারণে সমালোচনায় ছিলেন। তার জায়গায় মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিনি ঢাকা-১০ আসন থেকে টানা তিন বার নির্বাচিত এমপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বেও আছেন।

সিটি নির্বাচনে জয় দলের জন্য চ্যালেঞ্জ কিনা এমন এক প্রশ্নের জবাবে কাদের বলেন, চ্যালেঞ্জ প্রত্যেকটা বিষয়েই আছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইলেকশন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে। আমরা মনে করি না, যে আকাশটা আমাদের ওপর ভেঙে পড়বে, যদি নির্বাচনে আমাদের কোনো বিপর্যয় ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading