আতিকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

আতিকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪৪

‘আচরণ বিধি লংঘন করে’ ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। রোববার (৫ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি রফিকুল বলেছেন, রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আইনের ব্যত্যয় হলে তাকে সতর্ক করা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এর পরে ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। কিন্তু এর আগে রোববার সকালে উত্তরায় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন ওই ক্যাম্প উদ্বোধন করেন। প্রতীক পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন না। সংসদ সদস্যসহ মন্ত্রীদেরও স্থানীয় এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সুযোগ নেই।

আতিকের বিরুদ্ধে শনিবারও প্রচারণামূলক কার্যক্রম চালানোর বিষয়ে লিখিত অভিযোগ পড়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সাংবাদিকদের বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্ত প্রতিবেদন দেখে আমাদের যে বিধি-বিধান আছে, সেটার আলোকেই আমরা ব্যবস্থা নেব।

প্রার্থিতার ফিরে পেতে ৩৫ আপিল: এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া ৩৫ জন প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা জানান, একজন মেয়রপ্রার্থী ও ৩৪ জন কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন। সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ জানুয়ারি) আপিল আবেদন শুনানি করে নিষ্পত্তি করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading