আবরার হত্যায় পলাতক ৪ আসামি, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এর আগে ২০১৯ সালের ৩ ডিসেম্বর পলাতক এ চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছিলেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। চার্জশিটভুক্ত পলাতক ওই চার আসামি হলেন— মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ।
গত ১৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চার্জশিট আমলে নিয়ে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারি করেন। এর আগে ১৩ নভেম্বর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।
অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত আসামি ১৯ জন। বাকি ছয় জনের নাম তদন্তে উঠে আসে। ২৫ আসামির মধ্যে এজাহারভুক্ত ১৬ জন ও এজাহার বহির্ভূত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৯ সালের গত ৭ অক্টোবর ভোরে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, শিবির সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে ডেকে নিয়ে প্রচণ্ড মারধর করে। পরে আবরার নিস্তেজ হয়ে পড়লে তাকে সিঁড়িতে ফেলে রেখে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ অবস্থায় তার মৃত্যু হয়।

