ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৮
ফরিদপুর সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের পরিবারের চার সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন জানান।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, মামুন পরিবহনের বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে যাচ্ছিল ঢাকার দিকে।
কানাইপুরের করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ছয়জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তাদের পারিবারিক বন্ধু পুলিশ উপপরিদর্শক ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নাহিদ।
দুর্ঘটনায় ডা. শরীফুলের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
তিনি বলেন, “গত রাত থেকে এখানে ঘন কুয়াশা, দুর্ঘটনার পিছনে এটি একটি কারণ হতে পারে।”

