বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ নাকচ করেছেন: তোফায়েল

বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ নাকচ করেছেন: তোফায়েল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩০

ক্ষমতাসীনরা তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বাতিল ঘোষণার জন্য চেষ্টা করেছেন’ বলে বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। এই অভিযোগ করে বিএনপির প্রার্থী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে উল্টো অভিযোগ করেছেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত সরকার নানাভাবে তাকে ঋণখেলাপি বা অযোগ্য প্রার্থী হিসেবে প্রমাণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের এক সভায় তাবিথ আউয়ালের অভিযোগ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন বিতর্কিত করার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিডিয়া টকশো সবখানে বলছে, আমরা জোর করতাসি, সমস্ত চেষ্টা করেছি, আমরা নাকি তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল করাব। কেন করব? আমরা তো সাদেক হোসেন খোকা না। ২০০২ সালে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র হয়েছেন। তারা আওয়ামী লীগকে দাঁড়াতেই দেন নাই।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০২ সালে অবিভক্ত ঢাকার মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্যপ্রয়াত সাদেক হোসেন খোকা। ওই নির্বাচনে আওয়ামী লীগের কোনো মেয়র প্রার্থী ছিল না। ফলে খোকার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের অভিযোগেরও জবাব দেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, মওদুদ আহমদ কাজ করতে পারে, ঘরে ঘরে যাইতে পারে, বক্তৃতা দিতে পারে। কিন্তু আমরা পারি না। কী নির্বাচন কমিশন! আবার মওদুদ আহমেদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নাই! উনি সাবেক প্রধানমন্ত্রী। অথচ এমপি হিসেবে আমরা কাজ করতে পারি না, এটা হয় না, এটা হতে পারে না।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পুনরায় মেয়র নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তোফায়েল।

সভায় বক্তব্যে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ক্যান্টনমেন্ট এলাকা থেকে যে দলের জন্ম সে দল কখনও গণতান্ত্রিক হতে পারে না।

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে সৎ ও যোগ্য প্রার্থী অভিহিত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের কোনো অভিযোগ নেই।  তাদের বিজয়ী হওয়া কোনো কঠিন ব্যাপার নয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি এবং মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading