ইন্ডিয়ায় পাচারকালে দিনাজপুরে সীমান্তে ইলিশ মাছ জব্দ
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০২
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ইন্ডিয়া পাচারকালে দেশীয় ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১২ জানুয়ারী) সকালে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের সামনে থেকে মাছগুলি উদ্ধার করা হয়। বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান,ইন্ডিয়া থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক বন্দরে পণ্য খালাস করে রবিবার সকালে পুনরায় ইন্ডিয়াতে ফেরত যাওয়ার সময় ট্রাকে করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০ পিস ইলিশ মাছ উদ্ধার করে যার ওজন ২৪ কেজি। এসময় একই স্থান থেকে ভারতীয় ৯ পিস শাড়িও উদ্ধার করা হয়। পরে মালামালগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

