ধানের শীষের ‘গণজোয়ার’ দেখছেন তাবিথ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০
শীষের গণজোয়ার দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। তার ভাষ্য, আওয়ামী লীগ ধানের শীষের ‘গণজোয়ার’ দেখে ভীত হয়ে হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর পূর্ব রাজা বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। তাবিথ আউয়াল অভিযোগের সুরে বলেন, ‘বিএনপির গণজোয়ার দেখে সরকারি দলের প্রার্থীরা ভয় পেয়ে উল্টো বিএনপির প্রার্থীদের ভয় দেখানোর চেষ্টা করছেন। আমাদের ভয় দেখানোর চেষ্টা না করে ভোটারদের কাছে যান, ভোট চান।’ এসময় কাউন্সিলর প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তা বন্ধেরও আহ্বান জানান তিনি।
ধানের শীষের এই মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচনী পরিবেশ সকালে এক রকম, বিকালে আরেক রূপ ধারণ করে। সকালে প্রচারণা চালাতে পারলেও বিকালে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। তার অভিযোগ, বুধবার (১৫ জানুয়ারি) বিকালে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়ে ১২ জনকে আহত করা হয়েছে, যেন ভোটাররা ৩০ তারিখ কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে না পারেন।’
ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বানও জানান তাবিথ আউয়াল।

