জরুরি বৈঠকে বসছে ইসি

জরুরি বৈঠকে বসছে ইসি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩৭

পূজার জন্য ঢাকা সিটি নির্বাচনে ভোটের দিন বদলের দাবিতে ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। শনিবার বিকাল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারদের টেলিফোন করে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে।

জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তাকেও আসতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, “বিকালে কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে।”

তবে বৈঠকের সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করেননি তিনি।

সিটি করপোরেশন নির্বাচনের তারিখ আগানো কিংবা পেছানো সম্ভব কি না- তা নির্বাচন কমিশন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ছুটির দিনে সকালে কমিশনে এলে সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেন।

ভোটের তারিখ পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন সরস্বতী পূজা পড়ায় নির্বাচন পেছানোর জন্য আন্দোলন করছে ছাত্র সমাজ।

“ভোটের তারিখ আগানো কিংবা পেছানোর সুযোগ আছে কিনা সেটা এক জিনিস আর সম্ভব কিনা সেটা আরেক জিনিস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিবে। আদালত যদি বলে তাহলে তো আমাদের ভোট পেছাতেই হবে।”

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “জাতিগতভাবে আমরা প্রতিটা কিছু নিয়ে আন্দোলন করি। কিন্তু কতটা যৌক্তিক এসব বিষয় দেখেই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে অথবা অন্য প্রতিষ্ঠানকে। সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading