ভাইয়ের হাতে ভাই খুন

ভাইয়ের হাতে ভাই খুন

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৬

কক্সবাজারের মহেশখালীতে জমির সীমানা বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। নিহত শাহরিয়ার মাহমুদ শামশুদ্দিন ওরফে শামু (২০) মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার মৃত নুরু সামাদের ছেলে। গ্রেপ্তাররা হলেন- শাহরিয়ার মাহমুদের ভাই মহিউদ্দিন সাগর, মঈনউদ্দিন মামুন ও জিয়া উদ্দিন খোকা। স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক (ওসি) প্রভাষ বলেন, গোরকঘাটা সিকদার পাড়ায় শামুর সঙ্গে অপর ভাইদের পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সোমবার সকালে শামুর সঙ্গে ভাইদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে শামুর অন্য ভাইয়েরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ভাইদের ছুরিকাঘাতে শামু আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading