রিয়ালকে টপকে আবারও শীর্ষে বার্সা

রিয়ালকে টপকে আবারও শীর্ষে বার্সা

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০২

লা লিগায় একদিন আগে বার্সাকে টপকে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে একদিন পরই টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি।  কাম্প নউয়ে গতকাল রবিবার (১৯ জানুয়ারি) রাতে লা লিগায় গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন।

বার্সেলোনা এগিয়ে যেতে পারতো ষষ্ঠ মিনিটে। কিন্তু অরক্ষিত আনসু ফাতির কোনাকুনি শট রুখে দেন গোলরক্ষক। ২১তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেলেও বলে পা লাগাতে পারেননি তরুণ এই ফরোয়ার্ড। এই দুই সুযোগ নষ্টের মাঝে আরেকবার হতাশ হতে হয় বার্সেলোনাকে। মেসির বাঁকানো ফ্রি-কিকে বল ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। দারুণ গোছালো আক্রমণে ৪৫তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু তার শট পোস্ট ঘেঁষে পাশের জাল কাঁপায়। দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু আক্রমণের শেষভাগে বারবার গুলিয়ে ফেলছিল শিরোপাধারীরা। খেলার ধারার বিপরীতে ৬৬তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ডি-বক্সের বাইরে থেকে ইয়ান এতেকির নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।  তিন মিনিট পর বড় ধাক্কা খায় গ্রানাদা। মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেস। এক জন কম নিয়ে প্রতিপক্ষকে আর আটকে রাখতে পারেনি তারা। দুর্দান্ত গোছালো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। অঁতোয়ান গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন আর্তুরো ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading