রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৮
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। সেরি আয় এবার পার্মাকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তুরিনে নিজেদের মাঠে রোববার ২-১ গোলে জিতেছে মাউরিসিও সাররির দল। লিগে এটি তাদের টানা চতুর্থ জয়। লেসের মাঠে পয়েন্ট তালিকার দুই নম্বর দল ইন্টার মিলান ১-১ ড্র করায় শিরোপা ধরে রাখার দৌড়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল জুভেন্টাস। শুরু থেকে ঠিক চেনা ছন্দে ছিল না জুভেন্টাস। আক্রমণে সুবিধা করতে পারছিলেন না পাওলো দিবালা, অ্যারন র্যামজি, রোনালদোরা। এরই মাঝে ম্যাচের ২১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আলেক্স সান্দ্রো। তার বদলি নামেন আরেক ব্রাজিলিয়ান দানিলো। ২৫তম মিনিটে কর্নারের বিনিময়ে মিরালেম পিয়ানিচের শট রুখে দেন সফরকারী গোলরক্ষক। সেই কর্নার কিকে নেওয়া রোনালদোর হেড পোস্টের ওপর দিয়ে যায়। ৪৩তম মিনিটে শেষ হয় অপেক্ষা। ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি-বক্সে রোনালদোকে বাড়ান ব্লেইস মাতুইদি। পর্তুগিজ ফরোয়ার্ডের ডান পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়।
৫১তম মিনিটে দানিলোর জোরালো নিচু শট গোলরক্ষক লুইস সেপের হাতে লেগে পোস্টে বাধা পায়। চার মিনিট পর স্কোরলাইনে সমতা আনে পার্মা। হেডে জাল খুঁজে নেন বিরতির ঠিক আগে বদলি নামা আন্দ্রেয়াস। তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রোনালদো। ৫৮তম মিনিটে দিবালার বাড়ানো বল পেয়ে নিচু শটে আবারও দলকে এগিয়ে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সেরি আয় টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। এবারের লিগে এটি তার ১৬তম গোল। সব মিলে মৌসুমে ক্লাবের হয়ে গোল হলো ১৮টি। শেষ দিকে চাপ বাড়ায় পার্মা। তবে স্বাগতিক গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনির দৃঢ়তায় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট ইউভেন্তুসের। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।

