চলনবিলে খেজুর রসে বিষ ছিটিয়ে পাখি শিকার

চলনবিলে খেজুর রসে বিষ ছিটিয়ে পাখি শিকার

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৬

মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে অভিনব কায়দায় খেজুর রসে দানাদার বিষ ছিটিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি শিকার চলছে। এতে নষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য্য। আর সেই বিষে নিধনকৃত পাখিগুলো খাচ্ছে চলনবিলের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ এবং কম দামে কিনে নিচ্ছে হোটেল ব্যবসায়ীরা। পাখি শিকার যে ‘আইনত দণ্ডনীয় অপরাধ’ তা যেনেও তারা পাখি শিকার অব্যাহত রেখেছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে নাটোর সিংড়া উপজেলার চলনবিলের কৃষ্ণপুর আত্রাই নদীর বাঁধে প্রায় কুড়িটি খেজুর গাছের রসের হাঁড়িতে দানাদার বিষের অস্তিত্ব পাওয়া গেছে। আর এ রস খেয়ে মারা গেছে বুলবুলিসহ শতাধিক দেশীয় পাখি। খবর পেয়ে স্থানীয় পরিবেশকর্মীরা পাখিগুলো উদ্ধার করেন। একই সঙ্গে দানাদার (বিষ) মিশ্রিত খেজুর রসের হাঁড়ি ও গাছ পানি দিয়ে ধুয়ে এলাকাবাসীকে সচেতন করেন। এসময় উপস্থিত ছিলেন- চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী মনির হোসেন, মিজানুর রহমান প্রমুখ। চলনবিলের কলম ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক হারুন-অর রশিদ  জানান, বর্ষার শেষ ভাগে বিলে পানি কমতে শুরু করায় মাছ খাওয়ার লোভে পরিযায়ীসহ দেশীয় প্রজাতির পাখিরা বিলে ভিড় জমায়। আবার শীতে খেজুর গাছের রসের হাঁড়িতে পাখিদের আনাগোনা দেখা যায়। আর এই সুযোগেই কিছু লোভী শিকারীরা দানাদার বিষ ও কারেন্ট জালসহ বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করে।

সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, চলনবিল একটি বৃহৎ এলাকা হওয়ায় পাখি শিকার বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় সচেতনতা সভা করছে বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading