ডেঙ্গুরোধ বিষয়ে প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি

ডেঙ্গুরোধ বিষয়ে প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৮

ঢাকার দুই সিটিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপে ব্যর্থতার কারণ চিহ্নিত করে প্রতিবেদন দাখিলে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে আরও সময় দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ মার্চের মধ্যে তাদের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। তিনি বলেন, প্রতিবেদন প্রস্তুত করতে সময় চেয়ে আদালতে আবেদন করেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ঢাকা জেলা জজ সময় আবেদনে জানিয়েছেন, কমিটি গত ১০ ডিসেম্বর ও ৬ জানুয়ারি দুটি বৈঠক করে। ৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণ, প্রতিকার, দমন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতামত চাওয়া হয়েছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট-তত্ব বিভাগের একজন করে শিক্ষক, আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞ প্রতিনিধি, সরকারের প্ল্যান প্রোটেকশন বিভাগের একজন এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথের প্রতিনিধির কাছে এ মতামত চেয়েছেন কমিটি। এ কারণে প্রতিবেদন তৈরিতে আরো সময় প্রয়োজন।

গত বছর ১২ নভেম্বর এক আদেশে ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের কমিটিকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। কমিটির আরেক সদস্য হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নিচে নয়- এমন একজন কর্মকর্তা। এই কমিটিকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছিল। এতে বলা হয়, ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ তৈরি করে প্রতিবেদন দিতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading