বিএনপি জিততে পারবে না: মান্নার ধারণা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩৪
বিএনপির উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, শতকরা একশ’ জন ভোট দিলেও আপনারা জয় পাবেন না। কারণ, মেশিন আপনাদেরকে জিততে দেবে না। শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খান হলে যুব জাগপার উদ্যোগে শহীদ মাসুদ রায়হানের স্মরণে ‘গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার বিদ্রোহ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘চলমান ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনেকেই বলেন, আওয়ামী লীগ নাকি একটা ছেড়ে দেবে। কে বলেছে- একটা ছেড়ে দেবে? কীভাবে বোঝেন একটা ছেড়ে দেবে? …এবার ভোট ডাকাতি করতে পারছে না এই কারণে যে, আরও বড় বদনামের মুখোমুখি হতে হবে এবং তাদের ক্ষমতা ছাড়ার ঝুঁকিটা বাড়তে পারে। যে কারণে এবার মেশিন আমদানি করা হয়েছে। এই মেশিন জাদুর মেশিনের মতো।’
বিএনপি নেতাদের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আপনারা নির্বাচনে যোগ দেওয়ার পরে, প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার পরে বলছেন— ‘এই ইভিএম মানি না।’ এই কথা কি আগে বলা যেতো না? তিন মাস, ছয় মাস আগে কি ক্যাম্পেইন করা যেতো না যে, আমরা ইভিএম মানি না? আগে ইভিএম বাতিল করেন, তারপর আমরা ভোটের কথা ভাববো। তারপরও বলেন- একটা দিয়ে দেবে! কীভাবে দেবে আমাকে বুঝান তো!’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— জাগপার সভাপতি তাসমিয়া প্রধান, যুব জাগপার সভাপতি তুহিন প্রমুখ।

