আলুক্ষেতে মিলল শিশুর গলাকাটা লাশ
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৮
বগুড়ার শিবগঞ্জে সাদিয়া খাতুন (৭) এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার তালিবপুর পূর্বপাড়ার একটি আলুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সাদিয়া খাতুন শিবগঞ্জ থানার তালিবপুর পূর্বপাড়া গ্রামের দিনমজুর শাহিনুর রহমানের মেয়ে। সে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে নিখোঁজ হয় সাদিয়া। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। এছাড়াও রাতভর বিভিন্ন স্থানে সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে খোঁজাখুঁজির একপর্যায় বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি আলুক্ষেতে সাদিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানায়, গতকাল বুধবার রাতে তালিবপুর গ্রামে এক পীরের আস্তানায় জিকিরে আয়োজন করা হয়। সাদিয়া অন্যান্যদের সঙ্গে সেখানে যায়। এরপর থেকেই হঠাৎ করেই নিখোঁজ ছিল সে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তথ্য পেতে অভিযান অব্যাহত রয়েছে।

