মিথ্যাচার করছে বিএনপি: নানক

মিথ্যাচার করছে বিএনপি: নানক

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি ভোটের মাঝপথে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ভোটের পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এর আগে সকালে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন। এছাড়া এই সিটিতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মনিটরিং সেলের সদস্য আব্দুর সালাম আজাদ জানান, প্রায় শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীতি মেয়রপ্রার্থী ইশরাক হোসেন চিরাচরিত মিথ্যাচার দিয়ে দিন শুরু করেছেন। তিনি নিজে গোপীবাগ শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সেই কেন্দ্রে তিনি যখন ভোট প্রদান করেন তখন তাদের পোলিং এজেন্ট ছিল না। অথচ তারা বায়বীয় কায়দায় মিথ্যাচার করছে যে, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে, ভোট শুরু হওয়ার আগেই ইশরাক বলেছিলেন, ‘আহত বা নিহত যাই হই, ভোটকেন্দ্র ত্যাগ করব না। যেখানে নিজেদের পোলিং এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে পারে নাই, সেখানে আগে থেকেই আহত বা নিহত হওয়ার কথা বলে মাঠ গরম করার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার দূরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছে।

ঢাকা সিটি ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে নানক বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো শতভাগ ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ডিজিটাল পদ্ধতিতে ভোটগ্রহণের এই ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নানক আরও বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রেই নির্বাচনের আগে জরিপ হয়। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠানের নির্বাচনী জরিপের বিষয়ে তিনি বলেন, এই ধরনের গবেষণা ও জরিপের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী জনসমর্থনের চিত্র ফুটে ওঠে। জরিপের ফলাফল প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এ ধরনের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ ফলাফলে যেহেতু বিএনপির আস্থা নেই, সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading