ঢাকা সিটি নির্বাচন: দক্ষিণে এগিয়ে তাপস, উত্তরে আতিক

ঢাকা সিটি নির্বাচন: দক্ষিণে এগিয়ে তাপস, উত্তরে আতিক

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শেষে এখন ভোট গণনা চলছে। এরই মধ্যে কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত ফলাফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও উত্তরে নৌকার প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনভর প্রায় গোলযোগহীনভাবে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ঢাকা দক্ষিণের ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৬ হাজার ৩৬৫ ভোট। বিপরিতে বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৫৩৯।

ঢাকা দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এগুলোর ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে। ঢাকা দক্ষিণে মোট ভোটার ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এই সিটিতে মেয়র প্রার্থী মোট সাতজন। তারা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

উত্তরে এগিয়ে আতিকুল: ঢাকা উত্তর সিটির ৩২টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলে ৪ হাজার ২৯৫ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার কিছু পর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, ৩২টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা মার্কায় পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৫০ ভোট। অর্থাৎ, এই ৩২ কেন্দ্রে তাবিথ আউয়ালের চেয়ে ৪ হাজার ২৯৫ ভোট বেশি পেয়েছেন। এই ৩২টি কেন্দ্রে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ পেয়েছেন ৬৪১ ভোট।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading