মীর সাব্বিরের সিনেমার নায়ক তানভীর
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০
সরকারি অনুদানে প্রথমবারের মতো ‘রাত জাগা ফুল’ নামের সিনেমা নির্মাণ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। এ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করবেন নবাগত জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি খবর পুরনো হলেও, নতুন খবর হচ্ছে তার বিপরীতে নায়ক হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর। সিনেমাটি সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং।
২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে। বরিশালসহ ঢাকার বেশকিছু জায়গায় এর শুটিং হয়েছে। তানভীর ও ঐশী দু’জনই শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান প্রমুখ।
২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তানভীরের। কিছুদিন আগে সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

