কুয়াকাটার সূর্যাস্ত দেখে মুগ্ধ রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০
সমুদ্র সৈকত কুয়াকাটায় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে উচ্ছ্বাসিত রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি দুদিনের সফরে পটুয়াখালী যান। রাষ্ট্রপতি বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনে যোগ দিবেন। এর আগের দিন তিনি সাগরকন্যা কুয়াকাটায় যান সেখানেই রাত কাটানোর কথা রয়েছে রাষ্ট্রপতির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তিনি হেলিকাপ্টারযোগে কুয়াকাটয় পৌঁছান।
এদিকে, রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পুরো জেলায়। জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত করা হয়েছে গেস্ট হাউস, সার্কিট হাউস, সড়ক ও অন্যান্য সংশ্লিষ্ট ভবন। রাষ্ট্রপতি কুয়াকাটা আগমন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর সভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মাদ মুরাদুল ইসলাম জানান, রাষ্ট্রপতি কুয়াকাটা পৌঁছার পর তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিকেলে তিনি কুয়াকাটার সূর্যাস্ত অবলোকন করে পর্যটন হোটেলে ইয়ুথ ইনে রাত্রি যাপন করবেন। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। শেষ করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কুয়াকাটার প্রধান প্রধান সড়ক কার্পেটিং করা এবং মশা নিধনসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সমুদ্র সৈকত কুয়াকাটার সাগর বিচকে পরিষ্কার পরিচ্ছন্নসহ লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মেদ জানান, প্রশাসনের দিক থেকে নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পত্নী রাশিদা খানমও রয়েছেন। বাসসের খবরে বলা হয়, রাষ্ট্রপতিসহ তার সফর সঙ্গীদের নিয়ে একটি হেলিকপ্টার বিকেল ৪টা ৩৩ মিনিটের দিকে কুয়াকাটা পর্যটন মোটেল ও ইয়ুথ ইনের পার্শ্ববর্তী তুলাতলি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় স্থানীয় আইনপ্রণেতারা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণের সাথে কুয়াকাটা সৈকত ভ্রমণ ও কুয়াকাটার সুর্যাস্ত উপভোগ করেন।
কলাপাড়া উপজেলার কুয়াকাটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী নয়নাভিরাম নৈসর্গিক শোভামন্ডিত ইকো-ট্যুরিজম। পর্যটন কেন্দ্রটি জেলা সদর পটুয়াখালী থেকে প্রায় ৭০ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বুধবার বিকেল ৩টায় পবিপ্রবির ২য় সমবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।’ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউজিসি চেয়ারম্যান এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স এমেরিটাস-এর সভাপতি প্রফেসর ড. একে আজাদ চৌধুরী বক্তৃতা করবেন।

