সবচেয়ে বেতন বেশি মেসির
উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৫
বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের মধ্যে শীর্ষেই আছেন লিওনেল মেসি। দুইয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর তালিকার তিনে আছেন নেইমার জুনিয়র।
অন্যদিকে ফুটবল কোচদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে আছেন অ্যাটলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তার আয় রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের প্রায় দ্বিগুণ। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী প্রতি মাসে বার্সা থেকে মেসির আয় প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো। অন্যদিকে জুভেন্টাসে রোনালদোর মাসিক আয় ৪.৫ মিলিয়ন ইউরো। সর্বোচ্চ আয়ের তালিকায় মেসি, রোনালদোর পরেই আছেন নেইমার জুনিয়র। এই পিএসজি ফরোয়ার্ডের মাসিক আয় ৩ মিলিয়ন ইউরো। এরপর ৩ মিলিয়নের চেয়ে কিছু কম আয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে আঁতোয়া গ্রিজম্যান ও লুইস সুয়ারেজ। তালিকায় যুগ্মভাবে ষষ্ঠ স্থানে আছেন দুই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল ও ইডেন হ্যাজার্ড। রিয়াল থেকে দুজনেরই মাসিক আয় ২.৫ মিলিয়ন ইউরো।
শীর্ষ বেতনভোগী ফুটবলারদের তালিকা: মেসি (৮.৩ মিলিয়ন ইউরো), রোনালদো (৪.৫ মিলিয়ন ইউরো), নেইমার (৩ মিলিয়ন ইউরো), গ্রিজম্যান (৩ মিলিয়নের ইউরোর কাছাকাছি), লুইস সুয়ারেজ ( ৩ মিলিয়ন ইউরোর কাছাকাছি), বেল (২.৫ মিলিয়ন ইউরো), হ্যাজার্ড (২.৫ মিলিয়ন ইউরো) ও এমবাপ্পে: ১.৯ মিলিয়ন ইউরো।
সর্বোচ্চ বেতনভোগী কোচদের তালিকা: সিমিওনে (৩.৬ মিলিয়ন ইউরো), গার্দিওলা (১.৯৪ মিলিয়ন ইউরো), মরিনহো (১.৪৬ মিলিয়ন ইউরো), ক্লপ (১.৪৬ মিলিয়ন ইউরো), জিদান (১.৪ মিলিয়ন ইউরো) ও আন্তোনিও কন্তে (১.৩৮ মিলিয়ন ইউরো) ।

