শতবর্ষের বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪০
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষের পুরনো বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভূমিদস্যু রবিউল আলম সরদার গংদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন খলিলুর রহমান গাজী, আজগর আলী, ফরিদ শেখ, আবু তালেব, আব্দুল হামিদ শেখ, মো. আনিসুর রহমান, মো. জাহিদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৬ সালে শিক্ষানুরাগী ব্রজলাল চক্রবর্তী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন বিদ্যালয়ে অনেক জমি ছিল। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দখলবাজরা বিদ্যালয়ের অনেক সম্পত্তি দখল করে নেয়। শেষ পর্যন্ত পুকুর ও খেলার মাঠসহ ১ একর ৮৮ শতক জমি ২০১৫ সালে এলাকার চিহ্নিত ভূমিদস্যু রবিউল আলম সরদার দখলের পাঁয়তারা করেন। তারা প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।
ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস বলেন, ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠ দখলের জন্য পাঁয়তারা করছে রবিউল সরদার। এ কথা সবাই জানে বিদ্যালয়ের এবং আশপাশের জমি ব্রজলাল চক্রবর্তীর। এ জমি কীভাবে রবিউল সরদারের পৈত্রিক সম্পত্তি হয় তা তারা বুঝতে পারছেন না। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর সবুর শেখ বলেন, জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলার রায় বিদ্যালয়ের পক্ষে আসবে আশা করেন তিনি।

