সরকারদলীয় এমপি রতনকে দুদকে তলব
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৮
কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সম্পর্ক, অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি তলবি নোটিশ পাঠানো হয় তাকে। নোটিশ পাঠান পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেন।
দুদকের এক কর্মকর্তা জানান, গত বছরের অক্টোবরে সংসদ সদস্য রতনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ২৪ অক্টোবর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু করে র্যাব। এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করা হয় জি কে শামীমকে। ৩০ সেপ্টেম্বর জি কে শামীম ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওইদিন থেকেই সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। ২১ অক্টোবর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে জি কে শামীম যাদের নাম বলেছেন তাদের মধ্যে সংসদ সদস্য রতনের নাম আছে।

