কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ইকবাল

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ইকবাল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ৫০

যে ব্যক্তি কর দেয়ার উপযুক্ত হয়েও সরকার বা রাষ্ট্রকে কর দিচ্ছে না, তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কর ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। কর কর্মকর্তাদের পাশাপাশি আমরাও কর ফাঁকিবাজদের খুঁজে বের করব।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শান্তিনগর বিসিএস কর একাডেমিতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স’ ও ‘উপকর কমিশনারগণের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানার সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আলমগীর হোসেন, দুদক মহাপরিচালক এ কে এম সোহেল ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক লুৎফুল আজিম বক্তব্য রাখেন। ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক কর আদায়ের কাজ করে না সত্য। কিন্তু যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ করছে। আমাদের স্পষ্ট ঘোষণা, যারা কর ফাঁকিবাজ, তাদের শাস্তি দিতে হবে। এজন্য এনবিআরের সহযোগিতা জরুরি। কর ফাঁকিবাজদের তথ্য দুদকে জানালে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শাস্তি দেয়া সম্ভব।’

বাংলাদেশে কর্মরত অনেক বিদেশি কর ফাঁকি দিচ্ছে অভিযোগ করে দুদক চেয়ারম্যান বলেন, উন্নয়ন প্রকল্পসহ বেসরকারিখাতের বিভিন্ন পর্যায়ে বিদেশিরা কাজ করছেন। কিন্তু তারা যথাযথভাবে কর দিচ্ছেন না। তারা আমার দেশের জনগণের টাকা ফাঁকি দিয়ে তার দেশে নিয়ে যাচ্ছে। এটি বন্ধ করতে হবে। এর জন্য তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), ইমিগ্রেশন বিভাগ ও রাজস্ব কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।

পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন দুদক কর্মকর্তা ও ২৫ জন কর কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading