ব্রাজিলে পেলের মূর্তি

ব্রাজিলে পেলের মূর্তি

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪৫

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কার্যালয়ে দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। দেশের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের ৫০ বছর পূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সিবিএফ। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জমকালো এক আয়োজনে এটি উন্মোচন করা হয়।

আগামী অক্টোবরে ৮০ বছরে পা দিতে যাওয়া পেলে শারীরিক সীমাবদ্ধতার জন্য অবশ্য অনুষ্ঠানে হাজির ছিলেন না। কিছুদিন আগে তার ছেলে এদিনিয়ো সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ঠিকমতো চলাফেরা করতে না পারায় বাড়ি থেকে বের হয়ে জনসম্মুখে আসতে রাজি নন ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।

অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকলেও মূর্তিটি নিখুঁত হয়েছে বলে মত দিয়েছেন পেলে। ৭০’ এর বিশ্বজয়ী দলের সদস্য জাইরজিনিয়ো, ক্লোদোয়ালদো, ব্রিতোর সঙ্গে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ তিতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

১৯৭০ সালে মেক্সিকোয় প্রথম দল হিসেবে তৃতীয়বারের মত বিশ্বসেরা হয়ে জুলে রিমে ট্রফি চিরদিনের জন্য নিজেদের করে নেয় ব্রাজিল। চার বছর পর বিশ্বকাপের জন্য তৈরি করা হয় নতুন ট্রফি। পেলের নেতৃত্বে ব্রাজিলের ওই দলকে অনেকেই সর্বকালের সেরা ফুটবল দল হিসেবে দাবি করেন।

এই কীর্তি উদযাপন করতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সিবিএফ। পেলের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো তাদের ধারাবাহিক কর্মসূচি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading