হারের পর জরিমানায় ওয়েস্ট ইন্ডিজ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল (২২ ফেব্রুয়ারি) কলম্বোয় ক্যারিবিয়ানদের দেওয়া ২৯০ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক লঙ্কানরা। এমন একটি হারের পর অস্বস্তিতে থাকায় স্বাভাবিক অধিনায়ক কাইরন পোলার্ড ও সেঞ্চুরিয়ান শাই হোপের। তার সঙ্গে উইন্ডিজকে পেতে হচ্ছে আরেকটি শাস্তি। স্লো-ওভার রেটের কারণে আইসিসি’র আচরণবিধির আর্টিকেল ২.২২ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাদের। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ উইন্ডিজের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানদের ব্যাটিংয়ের সময় দুই ওভার বল করতে বেশি সময় নিয়েছে উইন্ডিজ। শাস্তি অবশ্য মেনে নিয়েছেন পোলার্ড। যার কারণে আর আনুষ্ঠানিক শুনানিতে যাচ্ছে না আইসিসি।

