যুব মহিলালীগ থেকে পাপিয়াকে বহিষ্কার
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে সংগঠনের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিমানবন্দর থেকে র্যাব পাপিয়া দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করে। বিলাসী জীবনযাপনকারী ওই দম্পতি দুই সহযোগীকে নিয়ে বিদেশে পালানোর চেষ্টায় ছিলেন বলে জানায় র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন ও তার স্ত্রী পাপিয়া, সুমনের ব্যক্তিগত সহকারী এক তরুণী এবং তাদের আরেক সহযোগী সাব্বির খন্দকার।
সুমন দম্পতির বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলের ‘প্রেসিডেন্ট স্যুট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ থাকার কথা জানিয়েছে র্যাব। সুমনের সঙ্গে গ্রেপ্তার তার স্ত্রী-ই যুব মহিলা লীগের নেত্রী শামিমা নূর পাপিয়া বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। যদিও র্যাবের পক্ষ থেকে পাপিয়ার রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পাপিয়াকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত এলো। সেই সঙ্গে তার রাজনৈতিক পরিচয়ও নিশ্চিত হওয়া গেল। অবশ্য ওইদিনই যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল- পাপিয়ার দলীয় পরিচয় ও তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে দলীয় শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন।

